পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার প্রাথমিক প্রক্রিয়া শুরু করেছে বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি কনফিডেন্স পাওয়ার অ্যান্ড এনার্জি পিএলসি। এর অংশ হিসেবে প্রাতিষ্ঠানিক ও যোগ্য বিনিয়োগকারীদের নিয়ে চলতি মাসে রোড শো আয়োজন করতে যাচ্ছে কোম্পানিটি।
কোম্পানি সূত্রে জানা গেছে, আগামী ১৮ অক্টোবর সন্ধ্যা ৭টায় রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে রোড শো অনুষ্ঠিত হবে। পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমেও এতে অংশ নেওয়ার সুযোগ থাকবে।
বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ার বিক্রি করে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে চায় কনফিডেন্স পাওয়ার অ্যান্ড এনার্জি। আইপিও প্রক্রিয়ার অংশ হিসেবে সম্ভাব্য বিনিয়োগকারীদের সামনে কোম্পানির ব্যবসা, আর্থিক অবস্থা, ভবিষ্যৎ পরিকল্পনা ও সম্ভাবনা তুলে ধরতেই এ রোড শোর আয়োজন করা হচ্ছে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ‘পাবলিক অফার অব ইকুইটি সিকিউরিটিজ রুলস-২০২৫’ অনুযায়ী, যোগ্য বিনিয়োগকারী ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের রোড শোতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে কনফিডেন্স পাওয়ার অ্যান্ড এনার্জি।
বিধিমালা অনুযায়ী যোগ্য বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজার, সম্পদ ব্যবস্থাপক, স্টক ডিলার, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, ফান্ড ব্যবস্থাপক, বিকল্প বিনিয়োগ তহবিল ও বিনিয়োগ স্কিম এবং জাতীয় পেনশন কর্তৃপক্ষ।
কনফিডেন্স পাওয়ার অ্যান্ড এনার্জির আইপিও প্রক্রিয়ায় ইস্যু ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড। আর ইস্যু রেজিস্ট্রার হিসেবে রয়েছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট পিএলসি।
বুক বিল্ডিং পদ্ধতিতে আইপিওর ক্ষেত্রে প্রথমে যোগ্য বিনিয়োগকারীদের অংশগ্রহণে শেয়ারের কাট-অফ মূল্য নির্ধারণের প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এরপর নির্ধারিত নিয়ম অনুযায়ী সাধারণ বিনিয়োগকারীদের জন্য শেয়ার ছাড়ার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হয়।
কনফিডেন্স পাওয়ার অ্যান্ড এনার্জির ক্ষেত্রেও রোড শোর মাধ্যমে যোগ্য বিনিয়োগকারীদের সামনে কোম্পানির বিভিন্ন দিক তুলে ধরে আইপিও প্রক্রিয়ার পরবর্তী ধাপ এগিয়ে নেওয়া হবে।