প্রিন্ট এর তারিখঃ Jun 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 6, 2026 ইং
ব্রাহ্মণবাড়িয়ায় র্যাব-৯ এর বিশেষ অভিযান: পরিত্যক্ত অবস্থায় ১টি দেশীয় পিস্তল উদ্ধার।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর থানা এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ০১টি দেশীয় পিস্তল উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র্যাব)।
গোপন সংবাদের ভিত্তিতে আজ ০৬ জুন (২০২৬ খ্রি.) রাত আনুমানিক ০১:৩০ ঘটিকায় সদর থানাধীন পৌরসভার ০৯নং ওয়ার্ডের পুনিয়াউট রেডক্রসিং এলাকার একটি পুকুর পাড় থেকে এই আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, অপরাধ দমন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের একটি আভিযানিক দল এই তৎপরতা চালায়। মধ্যরাতে পুনিয়াউট রেডক্রসিং এলাকায় অস্ত্র মজুদের গোপন খবর পেয়ে র্যাবের আভিযানিক দলটি দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
এরপর আশেপাশের এলাকায় নিবিড় তল্লাশি চালিয়ে পুকুর পাড়ের একটি ঝোপের ভেতর পরিত্যক্ত অবস্থায় দেশীয় পিস্তলটি উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত পিস্তলের সাথে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে খুঁজে পাওয়া যায়নি। এ ব্যাপারে র্যাব-৯ এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
উল্লেখ্য, গত ০৫ আগস্ট ২০২৪ খ্রি. তারিখের পর থেকে অদ্যাবধি সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বপূর্ণ এলাকা থেকে র্যাব-৯ সর্বমোট ৪৬টি দেশী ও বিদেশী আগ্নেয়াস্ত্র, ১০৪ রাউন্ড গুলি, ০৮টি ম্যাগাজিন, ৩৫০১০ গ্রাম বিস্ফোরক, ২১টি ডেটোনেটর, ০১টি সাউন্ড গ্রেনেড, ০৫টি পেট্রোল বোমা, ১১টি ককটেল এবং বিপুল পরিমাণ এয়ারগানের গুলিসহ ১৪টি এয়ারগান উদ্ধার করেছে, যা সর্বমহলে প্রশংসিত হয়েছে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার (অতিরিক্ত পুলিশ সুপার) কে. এম. শহিদুল ইসলাম (সোহাগ) জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত পিস্তলটি জিডি মূলে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের এই চলমান গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ভোরের কথা