প্রিন্ট এর তারিখঃ Jun 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 11, 2026 ইং
বান্দরবান সেনা জোনের উদ্যোগে সম্প্রীতির ভলিবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত।

দীপংকর মল্লিক, বান্দরবান
পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করার লক্ষ্যে বান্দরবান সেনা জোনের উদ্যোগে “সম্প্রীতির ভলিবল টুর্নামেন্ট-২০২৬” অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১০ জুন) বিকেল সাড়ে ৩টায় বান্দরবান সেনা জোন মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে অংশগ্রহণ করে বান্দরবান সেনা জোন দল এবং বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদ দল। খেলাটি অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, শৃঙ্খলাবদ্ধ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
দুই দলের খেলোয়াড়দের নৈপুণ্য, দলগত সমন্বয় এবং খেলোয়াড়সুলভ মনোভাব উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। মাঠজুড়ে ছিল উৎসাহ-উদ্দীপনা ও প্রাণবন্ত অংশগ্রহণ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ, পিএসসি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন উপ-অধিনায়ক মেজর নাফিউ সিদ্দিকী রোমান, পিএসসি এবং বান্দরবান জেলা ক্রীড়া কর্মকর্তা মো. রেজাউল করিম। এছাড়াও সেনা জোনের অন্যান্য কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি ও বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে লে. কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ বলেন, খেলাধুলা শুধু শারীরিক সক্ষমতা বৃদ্ধি করার পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধাবোধ, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা এবং সামাজিক বন্ধন সুদৃঢ় করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী উভয় দলের খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে এ ধরনের সম্প্রীতিমূলক আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানের একপর্যায়ে বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদের ক্রীড়া কার্যক্রমকে আরও গতিশীল ও উৎসাহিত করার লক্ষ্যে তাদের হাতে বিভিন্ন ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়।
এ উদ্যোগের মাধ্যমে সেনাবাহিনী ও স্থানীয় ক্রীড়া সংগঠনের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।জ খেলাধুলার মাধ্যমে পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও সামাজিক বন্ধন আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করে টুর্নামেন্টের সমাপ্তি ঘোষণা করা হয়। সম্প্রীতির এ আয়োজন উপস্থিত সকলের প্রশংসা কুড়ায়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ভোরের কথা