প্রিন্ট এর তারিখঃ Jun 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 13, 2026 ইং
সরাইলে জন্মদাত্রী মা ও বৃদ্ধ পিতাকে পিটিয়ে ঘর ভাঙচুর ও জেল খাটানোর অভিযোগ বড় ছেলের বিরুদ্ধে।

শেখ সাদী সুমন, জেলা প্রতিনিধী ব্রাহ্মণবাড়িয়া:
গত ১১জুন রোজ বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় এক জন্মদাত্রী মা ও বৃদ্ধ পিতাকে মারধর, বসতঘর ভাঙচুর এবং এর পূর্বে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠানোর মতো গুরুতর অভিযোগ উঠেছে তাদেরই বড় ছেলে ও তার স্ত্রীর বিরুদ্ধে। উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ গ্রামে এই অমানবিক ঘটনাটি ঘটেছে।
ভুক্তভোগী বৃদ্ধা মা হুদেজা বেগম ও পিতা শুক্কুর আলী বর্তমানে এক মানসিক প্রতিবন্ধীসহ দুই অসুস্থ ছেলেকে নিয়ে চরম মানবেতর জীবনযাপন করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সহায় সম্বলহীন বৃদ্ধা মা হুদেজা বেগম অত্যন্ত কষ্ট করে টাকা-পয়সার জোগান দিয়ে বড় ছেলে মঙ্গল মিয়াকে বিদেশে পাঠিয়েছিলেন। কিন্তু বিদেশ থেকে ফিরে মঙ্গল মিয়া ও তার স্ত্রী বৃদ্ধ মা-বাবাকে চাপ প্রয়োগ করে তাদের উপার্জিত ও ক্রয়কৃত সকল সম্পত্তি নিজের নামে লিখিয়ে নেন। সম্পত্তি হাতানোর পরও শান্ত হননি মঙ্গল মিয়া। বৃদ্ধ মা-বাবার ভরণপোষণ দেওয়া তো দূরের কথা, উল্টো তাদের নিজেদের ভিটেমাটি থেকে উচ্ছেদ করতে নানামুখী হয়রানি ও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী পরিবারটি জানায়, এই বৃদ্ধ মা-বাবার আরেক ছেলে পূর্বে ডাকাতদের হাতে খুন হয়েছিলেন। অন্য দুই ছেলের মধ্যে একজন মানসিক প্রতিবন্ধী এবং অপরজনও গুরুতর অসুস্থ। একমাত্র সুস্থ ও স্বাবলম্বী ছেলে মঙ্গল মিয়ার এমন নিষ্ঠুর ও অমানবিক কার্যকলাপে এখন দিশেহারা হয়ে পড়েছেন অসহায় এই বৃদ্ধ মা-বাবা।
সম্প্রতি মঙ্গল মিয়া ও তার স্ত্রী রামদা ও লাঠিসোটা নিয়ে অসুস্থ ভাই, ভাইয়ের স্ত্রী এবং বৃদ্ধ মা-বাবাকে মারধরসহ বসতঘর কুপিয়ে ভাঙচুর করতে যায়। জানা গেছে, এই হামলার সময় ধস্তাধস্তিতে মঙ্গল মিয়া নিজেও মাথায় আঘাতপ্রাপ্ত হন।
এ বিষয়ে গণমাধ্যমকর্মীরা মঙ্গল মিয়ার মুখোমুখি হলে, তিনি নিজের ওপর আনা সকল অভিযোগ অস্বীকার করেন এবং উল্টো বৃদ্ধ মা-বাবা ও অসুস্থ ভাইদের ওপর দোষ চাপানোর চেষ্টা করেন।
একমাত্র স্বাবলম্বী ছেলের এমন নির্মম নির্যাতন ও হয়রানি থেকে বাঁচতে এবং শেষ বয়সে মাথা গোঁজার ঠাঁইটুকু রক্ষা করতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করে আকুল আবেদন জানিয়েছেন ভুক্তভোগী বৃদ্ধ মা-বাবা। এই বিষয়ে আদালতে মামলার প্রস্তুতি চলছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ভোরের কথা