প্রিন্ট এর তারিখঃ Jun 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 16, 2026 ইং
কক্সবাজারে ৭ বছরের ছেলে শিশুকে বলাৎকার করে হত্যা, আটক-৩

পেকুয়া-মাতামুহুরী (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের সদ্য ঘোষিত মাতামুহুরী উপজেলায় ৭ বছর বয়সী এক ছেলে শিশুকে বলাৎকারের পর হত্যার অভিযোগ উঠেছে। নিখোঁজ হওয়ার পরদিন মঙ্গলবার সকালে পূর্ব বড়ভেওলা ইউনিয়নের মাইজপাড়া গ্রামের ফজুমিয়াজির চরের একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত শিশুর নাম ওয়াহিদুল ইসলাম (৭)। সে ওই এলাকার তৌহিদুল ইসলাম লিটনের ছেলে। এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ ৩ জনকে আটক করেছে। তারা হলেন,একই দেলোয়ার হোসেনের ছেলে মানিক (প্রকাশ কাবিলা ), আজিজের ছেলে তারেক ও আরমান।
নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে জানা যায়, গত সোমবার সন্ধ্যা থেকে ওয়াহিদুল নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান মেলেনি। আজ সকালে বাড়ির পাশের একটি পরিত্যক্ত ডোবায় তার মরদেহ দেখতে পেয়ে স্বজন ও স্থানীয় বাসিন্দারা উদ্ধার করেন।
পূর্ব বড় ভেওলার ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) হারুনুর রশিদ জানান, সকালে ফজুমিয়াজিরচর এলাকার একটি ছোট খালে শিশুটির মরদেহ দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠায়। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এস আই) মোহাম্মদ মাসুদ জানান, ছেলে শিশুটিকে বলাৎকারের পর হত্যা করার বিষয়টি প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে আটক ৩ ব্যক্তি পুলিশের কাছে অপরাধের কথা স্বীকার করেছে। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ভোরের কথা