দীপংকর মল্লিক , বান্দরবান প্রতিনিধি:
সিঙ্গাপুরে দুর্দান্ত সাফল্যের রেশ কাটতে না কাটতেই এবার আরও বড় মিশনে নামছে বাংলাদেশের উদীয়মান জিমন্যাস্টরা। আন্তর্জাতিক অঙ্গনে দেশের পতাকা উঁচিয়ে ধরতে প্রস্তুত বান্দরবানের লামার কোয়ান্টাম কসমো স্কুল অ্যান্ড কলেজের সাতজন প্রতিভাবান জিমন্যাস্ট। সিঙ্গাপুর ওপেন জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপ–২০২৬-এ কৃতিত্বপূর্ণ পারফরম্যান্সের পর এবার তারা অংশ নিচ্ছেন এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ জিমন্যাস্টিকস আসরে।
চীনের জুনই (জুনই/Zunyi) শহরে ১৪ থেকে ২১ জুন অনুষ্ঠিত হচ্ছে ‘১৩তম সিনিয়র ও ১৯তম জুনিয়র পুরুষ আর্টিস্টিক জিমন্যাস্টিকস এশিয়ান চ্যাম্পিয়নশিপ’। এশিয়ার সেরা জিমন্যাস্টদের এই প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে গত ১৩ জুন চীনের উদ্দেশে রওনা হয়েছেন কোয়ান্টাম কসমো স্কুল অ্যান্ড কলেজের সাত জিমন্যাস্ট।
তাঁরা হলেন, উহাইমং মারমা, মেনটন টনি ম্রো, মংচিং প্রু ত্রিপুরা, প্রেনথৈ ম্রো, রাজীব চাকমা, উটিংওয়াং মারমা এবং ওয়েওয়ে সাই মারমা।
পাহাড়ি জনপদের সীমাবদ্ধতা ও প্রতিকূলতাকে জয় করে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে নিজেদের জায়গা করে নেওয়া এই তরুণদের গল্প শুধু ক্রীড়া সাফল্যের নয়; এটি কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও স্বপ্নজয়ের এক অনন্য উদাহরণ। সিঙ্গাপুরে অর্জিত সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে চীনের মঞ্চেও নিজেদের সামর্থ্যের সর্বোচ্চ প্রমাণ দিতে মুখিয়ে আছেন তাঁরা।
ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে একই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একসঙ্গে সাতজন জিমন্যাস্টের এ ধরনের উচ্চপর্যায়ের আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ একটি বিরল ও গৌরবজনক ঘটনা। এশিয়ার সেরাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামতে প্রস্তুত এই সাত জিমন্যাস্ট দেশের জন্য নতুন সাফল্যের দুয়ার খুলবেন বলেই প্রত্যাশা সবার।
এদিকে, গত ৩ থেকে ৭ জুন সিঙ্গাপুরে অনুষ্ঠিত ২১তম জুনিয়র ও সিনিয়র ওপেন আর্টিস্টিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপ ২০২৬ এ বাংলাদেশ দল মোট ৯টি পদক অর্জন করে। এর মধ্যে ছিল ৭টি ব্যক্তিগত ও ২টি দলগত পদক।
ব্যক্তিগত ইভেন্টে বাংলাদেশের অর্জিত সাতটি পদকের সবকটিই জিতেছেন কোয়ান্টাম কসমো স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। এসব পদকের মধ্যে রয়েছে ৩টি স্বর্ণ, ২টি রৌপ্য এবং ২টি ব্রোঞ্জ। অন্যদিকে, দলগত দুই পদকেও গুরুত্বপূর্ণ অবদান ছিল প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের। জুনিয়র ও সিনিয়র—উভয় বিভাগের দলেই কোয়ান্টামের প্রতিনিধিত্ব ছিল উল্লেখযোগ্য।
বাংলাদেশের হয়ে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের এই সাফল্য দেশের জিমন্যাস্টিকস অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছে। তাদের অর্জনে আনন্দ ও গর্বে ভাসছে বান্দরবানসহ সমগ্র দেশ। সিঙ্গাপুরে অর্জিত ৯টি পদকের প্রতিটিতেই কোনো না কোনোভাবে অবদান রেখেছেন কোয়ান্টাম কসমো স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।
এখন সবার দৃষ্টি চীনের জুনই শহরের দিকে। দেশের ক্রীড়াপ্রেমীদের প্রত্যাশা, এশিয়ান চ্যাম্পিয়নশিপের মঞ্চেও নিজেদের দক্ষতা, শৃঙ্খলা ও অদম্য মনোবলের মাধ্যমে বাংলাদেশের জন্য নতুন গৌরব বয়ে আনবেন এই সাত তরুণ জিমন্যাস্ট।
এ জাতীয় আরো খবর...