ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, শেখ সাদী সুমন:
ব্রাহ্মণবাড়িয়া: মোটরসাইকেল চালকদের মাঝে ট্রাফিক সচেতনতা বৃদ্ধি ও হেলমেট ব্যবহার নিশ্চিত করতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের ট্রাফিক বিভাগ। রাস্তায় হেলমেট ছাড়া মোটরসাইকেল চালালেই যেখানে সাধারণত জরিমানার মুখোমুখি হতে হয়, সেখানে আজ চালকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো এবং নিজ খরচে হেলমেট কিনে তা ব্যবহারে উদ্বুদ্ধ করার এক ইতিবাচক চিত্র দেখা গেছে।
আজ বুধবার (১৭ জুন) সকাল ১১:১৫ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের ট্রাফিক বিভাগ কর্তৃক এই বিশেষ সচেতনামূলক কর্মসূচি পরিচালনা করা হয়।
জরিমানার বদলে ইতিবাচক উদ্যোগ
অভিযান চলাকালে মোটরসাইকেলে হেলমেটবিহীন অবস্থায় চলাচলকারী চালকদের থামানো হয়। তবে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক কোনো শাস্তিমূলক বা আইনগত ব্যবস্থা গ্রহণ না করে সচেতন করার লক্ষ্যে একটি ইতিবাচক উদ্যোগ নেওয়া হয়। এ সময় ৩৪ জন মোটরসাইকেল চালককে তাদের নিজ খরচে নতুন হেলমেট ক্রয় করিয়ে দেওয়া হয় এবং নিয়মিত হেলমেট ব্যবহারে উদ্বুদ্ধ করা হয়।
অন্যদিকে, যেসব চালক আগে থেকেই ট্রাফিক আইন মেনে হেলমেট পরিধান করে গাড়ি চালাচ্ছিলেন, ট্রাফিক বিভাগের পক্ষ থেকে তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
"সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও গুরুতর আঘাতের ঝুঁকি কমাতে মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই মানসম্মত হেলমেট পরিধান করতে হবে।"
— জনাব এম এম রকীব উর রাজা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)
আগে প্রচারণা, পরে অ্যাকশন
কর্মসূচিতে উপস্থিত থেকে মোটরসাইকেল চালকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব এম এম রকীব উর রাজা। তিনি ভবিষ্যতে সর্বদা সবাইকে হেলমেট পরিধান করে নিরাপদে যানবাহন চালানোর আহ্বান জানান।
উল্লেখ্য, এই কর্মসূচির অংশ হিসেবে গত ১৬ জুন (মঙ্গলবার) ব্রাহ্মণবাড়িয়া শহরজুড়ে সারাদিনব্যাপী ট্রাফিক আইন মেনে চলার জন্য জেলা পুলিশের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে মাইকিং ও সচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছিল।
জেলা পুলিশ, ব্রাহ্মণবাড়িয়ার মিডিয়া উইং সর্বসাধারণের প্রতি বার্তা দিয়ে জানায়— "আপনার নিরাপত্তা আপনার হাতে। হেলমেট পরিধান করুন, নিরাপদে চলুন।"
এ জাতীয় আরো খবর...