ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি শেখ সাদী সুমন
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৭ নং ওয়ার্ডের আমিনপুর এলাকায় দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লার স্তূপ অপসারণ ও পরিবেশ দূষণ রোধের দাবিতে প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৫ জুন) বিকেল ৩টায় আমিনপুর ময়লা ডাম্পিং স্পট সংলগ্ন এলাকায় ‘ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া’র আহ্বানে এবং ভুক্তভোগী এলাকাবাসীর উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা আমিনপুর এলাকার জনভোগান্তি নিরসনে দ্রুত ময়লার স্তূপ অপসারণ এবং স্থায়ী বর্জ্য ব্যবস্থাপনার দাবি জানান। অন্যথায় এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
‘ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া’র আহ্বায়ক শেখ আরিফ বিল্লাহ আজিজীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, বিশিষ্ট নাগরিক মাহফুজুর রহমান পুষ্প, যুবদল নেতা শাহিনুর রহমান, এবিএম মুসা আহমেদ, পরিবেশবাদী সংগঠন ‘তরী বাংলাদেশ’ এর আহ্বায়ক শামীম এবং ইসলামী শ্রমিক আন্দোলন ব্রাহ্মণবাড়িয়া জেলার সেক্রেটারি আহসান আল মোহাব্বত।
সমাবেশে সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি বলেন, "আবাসিক এলাকার পাশে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা ফেলার কারণে পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। তীব্র দুর্গন্ধে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং এলাকায় বিভিন্ন রোগব্যাধি ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন।"
অন্যান্য বক্তারা বলেন, জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষার স্বার্থে প্রশাসনকে দ্রুততম সময়ের মধ্যে আমিনপুর এলাকার ময়লার স্তূপ অপসারণ করতে হবে। একটি পরিকল্পিত পৌরসভার আবাসিক এলাকায় এমন ডাম্পিং স্টেশন কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
উক্ত প্রতিবাদী সমাবেশে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে ব্রাহ্মণবাড়িয়ার সচেতন নাগরিক, বিভিন্ন সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান।
এ জাতীয় আরো খবর...